পচনশীল পরিবেশবান্ধব নতুন বেলুন ‘বায়োলুন’
লন্ডনের ইম্পেরিয়াল কলেজের গবেষকেরা বিশ্বের প্রথম সম্পূর্ণ জৈব বিয়োজনযোগ্য পার্টি বেলুন তৈরি করার কথা জানিয়েছেন। এই গবেষকেরা জানান, আমরা জন্মদিন কিংবা বিশেষ অনুষ্ঠানে যেসব সাধারণ বেলুন ব্যবহার করি, তা মাটিতে পচতে বছরের পর বছর সময় লেগে যায়। এটা পরিবেশের জন্য ক্ষতিকর রাসায়নিক ছড়ায়। তবে বিজ্ঞানীদের নতুন আবিষ্কৃত এই বেলুন পরিবেশের কোনো ক্ষতি না করেই মাত্র ৯ মাসের মধ্যে মাটির সঙ্গে পুরোপুরি মিশে যাবে।
যুক্তরাজ্যের এক পিএইচডি শিক্ষার্থী বন্য প্রাণীদের একটি বড় সমস্যার সমাধান বের করেন। সাধারণ বেলুন উৎসবের পর আবর্জনা হয়ে নদী, সমুদ্র বা সৈকতে গিয়ে পড়ে। এই ফেলে দেওয়া বেলুন সামুদ্রিক প্রাণী ও পাখিদের জন্য মারাত্মক বিপজ্জনক ও প্রাণঘাতী হয়ে ওঠে।
অস্ট্রেলিয়ার তাসমানিয়া বিশ্ববিদ্যালয়ের ২০১৯ সালের এক গবেষণায় দেখা যায়, সামুদ্রিক পাখিদের জন্য বেলুন হলো সবচেয়ে বিপজ্জনক প্লাস্টিক বর্জ্য। শক্ত প্লাস্টিকের টুকরা খাওয়ার চেয়ে বেলুন গিলে ফেলা পাখিদের জন্য ৩২ গুণ বেশি প্রাণঘাতী হতে পারে। এই সমস্যার সমাধান করতেই উদ্ভাবন করা হয়েছে ‘বায়োলুন’। নতুন এই বেলুন তৈরিতে এমন উপাদান ব্যবহার করা হয়েছে, যা মাত্র ৯ মাসের মধ্যে প্রাকৃতিকভাবে মাটির সঙ্গে পচে মিশে যায়।
গবেষকেরা আশা করছেন, ২০২৮ সালের মধ্যেই বায়োলুন বাজারে বিক্রি শুরু করা সম্ভব হবে। সবচেয়ে সুবিধার বিষয় হলো, পরিবেশের ক্ষতি না করলেও এই বেলুন সাধারণ বেলুনের মতোই খুব সহজে ফোলানো যায়।